কেউ মাছ খায়, কেউ খায় না। তবে কিছু রান্না মুখে না তুলে পারা যায় না। তেলাপিয়ার দোপেঁয়াজা সেরকমই একটি পদ।
চাকুরির পাশাপাশি ‘ফুড ফটোগ্রাফার’ হিসেবে কাজ করেন রন্নি রহমান। ছবি তোলার পাশাপাশি রেসিপিও সংগ্রহ করে রাখেন। তিনি দিয়েছেন মাছের এই মজাদার রন্ধন পদ্ধতি।
উপকরণ: তেলাপিয়া মাছ ২টি। পেঁয়াজকুচি ৩ কাপ। ছোট টমেটো ১০টি (দুইভাগ করা)। বা, বড় টমেটো ৪টি (চারটুকরা করা)। আদাবাটা ১ চা–চামচ। রসুনবাটা ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। গরম মসলাগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। লেবু গোল গোল করে কাটা ৩/৪ টুকরা। লবণ স্বাদমতো। তেল পরিমাণমতো।
পদ্ধতি: মাছগুলোর আঁশ ছাড়িয়ে পেটের দিকে চিরে ভিতরটা পরিষ্কার করে ফেলুন। অল্প হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নিন।
বড় একটি ফ্রাই প্যানে (মাছ দুটো যাতে আঁটে এরকম বড়) তেল দিয়ে পেঁয়াজকুচি নরম হওয়া পর্যন্ত হালকা করে ভাজুন। খেয়াল রাখবেন যেন বাদামি না হয়ে যায়।
এবার আধা কাপ পানিসহ সব মসলা দিয়ে কয়েক মিনিট কষিয়ে হালকা পানি থাকে থাকতেই মাছ দুটি দিয়ে দিন।
ঢাকনা দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
তারপর ঢাকনা খুলে টমেটো আর লেবুর টুকরাগুলো দিয়ে আরো দুই থেকে তিন মিনিট ঢেকে রাখুন।
* সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
* লেবুর টুকরাগুলো খাওয়ার জন্য না, শুধু সুগন্ধের জন্য।